মধ্যপ্রাচ্য উত্তেজনা: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কতা জারি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য হালনাগাদ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সতর্ক বার্তায় বলা হয়েছে, বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আকাশপথ মাঝে মাঝে বন্ধ থাকায় ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থান ও আমেরিকানদের লক্ষ্য করে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটতম দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এ সময় তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।