শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ঈদে শুভেচ্ছা বিনিময়, সম্পর্ক জোরদারের আশাবাদ ঢাকা-দিল্লির

ঈদে শুভেচ্ছা বিনিময়, সম্পর্ক জোরদারের আশাবাদ ঢাকা-দিল্লির

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদে শুভেচ্ছা বিনিময়, সম্পর্ক জোরদারের আশাবাদ ঢাকা-দিল্লির

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গত শুক্রবার মোদিকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, এই পবিত্র উৎসব দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

চিঠিতে তিনি বলেন, ঈদুল ফিতর আনন্দের পাশাপাশি সহানুভূতি, সংহতি ও সম্প্রীতির মতো মানবিক মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়। একই সঙ্গে এই উৎসব ভাগাভাগি ও উদারতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বন্ধন তৈরি করে।

তিনি আরও আশা প্রকাশ করেন, এই পবিত্র উপলক্ষ বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীর জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনবে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদ উপলক্ষে বাংলাদেশ ও এর জনগণকে শুভেচ্ছা জানান। এর প্রেক্ষিতেই পাল্টা শুভেচ্ছা বার্তা পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে, পূর্বে পাঠানো আরেকটি বার্তায় তারেক রহমান উল্লেখ করেন, অতীতের সমস্যা পেছনে ফেলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব।

সব মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও ইতিবাচক ধারায় এগোবে বলে মনে করছেন বিশ্লেষকরা।