যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দাবি নাকচ করল ইরান
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই-ও একই দাবি করেন। তিনি জানান, হরমুজ প্রণালি ও যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
তবে ইরান স্বীকার করেছে, কিছু বন্ধু দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বার্তা পেয়েছে এবং তা পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর কোনো হামলা হলে এর পরিণতি হবে ভয়াবহ।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দুই দেশের মধ্যে ‘গভীর ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে।
এভাবে দুই পক্ষের বিপরীতমুখী বক্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার পরিবর্তে অনিশ্চয়তা আরও বেড়েছে।