যুদ্ধবিরতিতে ৫ শর্ত দিল ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে টানাপোড়েন
চলমান সংঘাত বন্ধে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে সম্ভাব্য চুক্তির জন্য পাঁচটি কঠোর শর্ত দিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম Channel 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে ইরান এসব দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান প্রথমত নিশ্চিত হতে চায়—যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এমনভাবে পরিচালনার প্রস্তাব দিয়েছে, যাতে ওই অঞ্চলে কার্যত তাদের নিয়ন্ত্রণ বজায় থাকে।
ইরান আরও দাবি করেছে, মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করতে হবে এবং চলমান যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
এছাড়া, ইরানের বিরুদ্ধে ‘বিদ্বেষমূলক প্রচার’ চালায়—এমন সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তাদের হস্তান্তরের দাবিও জানিয়েছে তেহরান।
এর আগে ট্রাম্প বলেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে ইরান বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে।