শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরানি নাগরিকদের পর্যটক ভিসায় প্রবেশে অস্ট্রেলিয়ার সাময়িক নিষেধাজ্ঞা

ইরানি নাগরিকদের পর্যটক ভিসায় প্রবেশে অস্ট্রেলিয়ার সাময়িক নিষেধাজ্ঞা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানি নাগরিকদের পর্যটক ভিসায় প্রবেশে অস্ট্রেলিয়ার সাময়িক নিষেধাজ্ঞা

ইরানের নাগরিকদের জন্য পর্যটক ভিসায় অস্ট্রেলিয়া-তে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক, যা সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে এসেছে।

টনি বার্ক বলেন, অস্থায়ী ভিসায় আসা ইরানিদের একটি অংশ নির্ধারিত সময় শেষে দেশে ফিরে না যাওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এবং এর মেয়াদ থাকবে ছয় মাস।

তবে সব ইরান-এর নাগরিকের ওপর এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। যাদের দীর্ঘমেয়াদি ভিসা রয়েছে, কিংবা যাদের স্বামী-স্ত্রী বা সন্তান অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, তারা ভ্রমণের সুযোগ পাবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থ বিবেচনায় সরকার এই পদক্ষেপ নিয়েছে।

অস্ট্রেলিয়া সরকারের তথ্যানুযায়ী, বর্তমানে প্রায় ৭ হাজার ইরানি নাগরিক দেশটিতে প্রবেশের জন্য ভিজিটর ভিসা নিয়ে অপেক্ষায় আছেন।

এর আগে চলতি মাসের শুরুতে ইরান-এর নারী ফুটবল দলের সাত সদস্যকে রাজনৈতিক আশ্রয় দেয় অস্ট্রেলিয়া। তবে পরে তাদের মধ্যে পাঁচজন আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেন।