হরমুজ বন্ধে উন্নয়নশীল দেশগুলোর ঋণ সংকট বাড়ছে: আইএমএফ
হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বজুড়ে ঋণের খরচ বাড়ছে এবং উন্নয়নশীল দেশগুলোর ঋণ পরিস্থিতি আরও সংকটের মুখে পড়ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত জি-২০ বৈঠকের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জর্জিয়েভা বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়ছে। একই সময়ে বৈশ্বিক ঋণের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এসব কারণে বন্ডের ইল্ড বাড়ছে এবং ঋণ নেওয়ার ব্যয়ও বেড়ে যাচ্ছে।
আইএমএফ প্রধান সতর্ক করে বলেন, পরিস্থিতিটি শুধু নিম্ন আয়ের উন্নয়নশীল দেশগুলোর জন্য উদ্বেগের বিষয় নয়। উন্নত অর্থনীতিগুলোতেও ঋণের উচ্চ মাত্রা ও নিয়ন্ত্রণহীন মুদ্রাস্ফীতির কারণে ঋণ পরিশোধের ব্যয় বাড়তে পারে।
তার মতে, এর প্রভাব নিম্ন আয়ের জনগোষ্ঠী, উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতিসহ বিভিন্ন দেশের ওপর পড়তে পারে। ফলে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বৈশ্বিক অর্থনীতিতে তৈরি হওয়া চাপ মোকাবিলায় সতর্ক থাকা প্রয়োজন।