শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়দেশের ১৯ জ্বালানি তেল ডিপোতে বিজিবি মোতায়েন

দেশের ১৯ জ্বালানি তেল ডিপোতে বিজিবি মোতায়েন

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের ১৯ জ্বালানি তেল ডিপোতে বিজিবি মোতায়েন

দেশের বিভিন্ন জ্বালানি তেল ডিপোতে অননুমোদিত মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সংকটের প্রেক্ষাপটে কিছু অসাধু চক্র অবৈধভাবে তেল মজুদের চেষ্টা করছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশের ৯টি জেলায় মোট ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ জেলাগুলো অন্তর্ভুক্ত।

বিজিবি জানিয়েছে, তারা অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে একজন কর্মকর্তার নেতৃত্বে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিয়মিত তদারকি, তথ্য আদান-প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতেও যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।