দুবাইয়ে ইউক্রেনীয় ড্রোন গুদামে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি
সংযুক্ত আরব আমিরাত-এর দুবাই-এ ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেমের একটি গুদামে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনীর যৌথ ‘হাইব্রিড অপারেশন’-এর মাধ্যমে ওই গুদামকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের দাবি, সেখানে সংরক্ষিত উন্নত সরঞ্জাম মার্কিন বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে রাখা হয়েছিল।
ইরানি সূত্রের দাবি অনুযায়ী, হামলার সময় সেখানে অন্তত ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। তবে তাদের হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, যদিও ধারণা করা হচ্ছে তারা নিহত হয়েছেন।
একই সঙ্গে দুবাইয়ে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান, যেখানে ‘ভারী ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে উল্লেখ করা হয়।
আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ে এমন হামলার দাবি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নিরপেক্ষ অঞ্চলে এ ধরনের হামলা বৈশ্বিক ভূ-রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি-সহ ইরানের শীর্ষ নেতাদের ওপর হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে এবং পাল্টাপাল্টি সামরিক অভিযানে পরিস্থিতি ক্রমেই তীব্র হয়ে উঠছে।
সূত্র : তাসনিম নিউজ