যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ র্যালি, ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল
যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নীতির বিরুদ্ধে ‘নো কিংস’ র্যালিতে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। শনিবার (২৮ মার্চ) দেশটির বিভিন্ন বড় শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেসসহ প্রায় সব বড় শহরেই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। বিশেষ করে ন্যাশনাল মল ও লিংকন মেমোরিয়াল এলাকায় ছিল জনসমুদ্র।
বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের ইরাননীতি, কঠোর অভিবাসন আইন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ জানান। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও কুশপুত্তলিকা, যেখানে ‘শাসন জনগণের হাতে, কোনো রাজা নয়’—এমন স্লোগান উঠে আসে।
বিক্ষোভের অন্যতম কেন্দ্র ছিল মিনেসোটা। সেখানে সাম্প্রতিক এক ঘটনায় ফেডারেল অভিবাসন এজেন্টের হাতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার অভিযোগে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেন্ট পল-এর স্টেট ক্যাপিটল ভবনের সামনে হাজারো মানুষ সমবেত হন।
এছাড়া ব্রুস স্প্রিংস্টিন মঞ্চে উঠে গান পরিবেশন করে অভিবাসন নীতির প্রতিবাদ জানান।