শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমশিক্ষাজ্বালানি সংকটে হাইব্রিড শিক্ষা পদ্ধতির পরিকল্পনা, পাইলট প্রকল্পে চালুর ইঙ্গিত

জ্বালানি সংকটে হাইব্রিড শিক্ষা পদ্ধতির পরিকল্পনা, পাইলট প্রকল্পে চালুর ইঙ্গিত

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি সংকটে হাইব্রিড শিক্ষা পদ্ধতির পরিকল্পনা, পাইলট প্রকল্পে চালুর ইঙ্গিত

জ্বালানি সংকট, তীব্র যানজট ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার কথা বিবেচনায় দেশের কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে হাইব্রিড (অনলাইন-অফলাইন সমন্বিত) ক্লাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তিনি জানান, সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই পদ্ধতি চালু করা হবে না। বরং যেসব প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, সেগুলোতে পাইলট প্রকল্প হিসেবে এটি বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে, যাতে জ্বালানি সাশ্রয়, যানজট কমানো এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।

বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইতিহাসের নানা সংকট নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তাই বর্তমান পরিস্থিতিতেও শিক্ষাব্যবস্থাকে থামিয়ে না রেখে নতুন পদ্ধতিতে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতের শিক্ষা হবে প্রযুক্তিনির্ভর ও অনেকাংশে কাগজবিহীন (পেপারলেস), যেখানে শ্রেণিকক্ষ থেকে শুরু করে সংসদ পর্যন্ত ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়বে।

প্রস্তাবিত হাইব্রিড মডেলে সপ্তাহের কিছুদিন অনলাইন এবং কিছুদিন অফলাইন ক্লাস থাকবে। এর ফলে শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতি কমে যানজট ও জ্বালানি ব্যবহার হ্রাস পাবে, পাশাপাশি শিক্ষার ধারাবাহিকতাও বজায় থাকবে।

এছাড়া, অনলাইন শিক্ষা কার্যকর করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষার্থীরা যাতে অনলাইনে মনোযোগ ধরে রাখতে পারে, সে বিষয়েও নজরদারি জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন মন্ত্রী।