দেশে ফিরছে অনলাইন ক্লাস, ব্লেন্ডেড পদ্ধতিতে সপ্তাহে ৬ দিন পাঠদান
বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায় আবারও অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এবার শুধু অনলাইন নয়, অনলাইন ও সশরীরের ক্লাস মিলিয়ে ‘ব্লেন্ডেড’ পদ্ধতি চালু করা হবে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, একযোগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নয়; বরং সক্ষমতা অনুযায়ী নির্বাচিত কিছু প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হবে। এর অংশ হিসেবে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ-সহ কয়েকটি প্রতিষ্ঠানে আগামী সপ্তাহ থেকেই কার্যক্রম শুরু হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে। এর মধ্যে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে পাঠদান হবে। সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে শনিবার, সোমবার ও বুধবার। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার হবে অনলাইন ক্লাস। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, এই পদ্ধতিতে শিক্ষকদের প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে ক্লাস নিতে হবে। যেসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো ও সক্ষমতা রয়েছে, সেখানেই ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করা হবে।