জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীতে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস চালু হয়েছে। রবিবার সকাল ৯টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এ ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে এই পাইলট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন সশরীরে (শনিবার, সোমবার, বুধবার) এবং তিন দিন অনলাইনে (রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার) পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
রাজধানীতে এই পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে তা সারা দেশে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম দিনের অনলাইন ক্লাসে শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে শ্রেণিকক্ষ থেকেই ভার্চুয়ালভাবে পাঠদান করেন, আর শিক্ষার্থীরা বাসা থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে অংশ নেয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কলেজ শাখায় এই কার্যক্রম শুরু হলেও অল্প সময়ের মধ্যেই স্কুল শাখাতেও তা চালু করা হবে।
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময়সূচিতে পরিবর্তনের পর শিক্ষা খাতেও নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৮ এপ্রিল অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই কার্যক্রম শুরু হয়েছে।