এসএসসি ২০২৬-এ থাকছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, জানালো নীতিমালা
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে নতুন নীতিমালায়।
এই ব্যবস্থায় কোনো পরীক্ষার্থীকে হাতেনাতে ধরার প্রয়োজন না হলেও, হলে নিয়ম ভঙ্গ বা অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে তাকে ‘নীরবে’ বহিষ্কার করা হবে। অর্থাৎ, পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারবেন না, তবে পরবর্তীতে তার উত্তরপত্র বাতিল করা হবে।
নিয়ম অনুযায়ী, কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার বা নীরব বহিষ্কার করা হলে তার উত্তরপত্রের কাভার পৃষ্ঠা অক্ষত রেখে প্রত্যবেক্ষকের প্রতিবেদনের সঙ্গে বোর্ড নির্ধারিত গোপনীয় ফরম পূরণ করতে হবে।
পরীক্ষা শেষে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে এবং প্যাকেটের ওপর লাল কালিতে ‘রিপোর্টেড’ লিখে অন্যান্য খাতা থেকে পৃথকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।
নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, নীরব বহিষ্কারের ক্ষেত্রে কারণ স্পষ্টভাবে প্রত্যবেক্ষকের প্রতিবেদনে উল্লেখ করা বাধ্যতামূলক।