সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ, সরকারের বড় সিদ্ধান্ত
দেশের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত ‘মেধা’ ও ‘সাধারণ’—উভয় ধরনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এখন আগের তুলনায় দ্বিগুণ অর্থ পাবেন।
দীর্ঘ এক দশক পর শিক্ষাবৃত্তির হার বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে বৃত্তির হার নির্ধারণ করা হয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২ এপ্রিল শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon-এর নির্দেশনায় এ সিদ্ধান্তের প্রক্রিয়া শুরু হয়।
নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় ১৮৪ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৩৬৮ কোটি ১৬ লাখ টাকায় পৌঁছাবে। তবে এটি অর্থ বিভাগের বাজেট বরাদ্দ সাপেক্ষে কার্যকর করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিক্ষাখাতে ঝরে পড়া কমাতে সহায়ক হবে এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব Md. Saidur Rahman জানান, সাম্প্রতিক পর্যালোচনাসভায় দেশের সব ধরনের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।