পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ বাতিলের সিদ্ধান্ত
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আলোচনায় বিষয়টি উত্থাপনের পর সর্বসম্মতিতে ‘নীরব বহিষ্কার’-সংক্রান্ত পুরোনো ধারা বাতিলের সিদ্ধান্ত হয়।
সভা শেষে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষাসংক্রান্ত বিধিতে অযৌক্তিক কোনো ধারা থাকা উচিত নয়। তিনি জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে এ ধরনের বিধান নেই, বরং এটি পুরোনো নীতিমালার অংশ ছিল। বর্তমান পরিস্থিতিতে এ নীতিমালার প্রয়োজনীয়তা নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা যেন আনন্দ ও স্বস্তির সঙ্গে পরীক্ষা দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। এমন কোনো নিয়ম রাখা হবে না, যা শিক্ষার্থীদের ওপর অযথা মানসিক চাপ সৃষ্টি করে।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার কেন্দ্র সচিবদের কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ধারা বাতিলের নির্দেশনা দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৬-এর অনুচ্ছেদ ২৯ বাতিল করা হয়েছে এবং বিজ্ঞপ্তি জারির তারিখ থেকেই এটি কার্যকর বলে গণ্য হবে।