মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
হোমশিক্ষাসারা দেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

সারা দেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

favicon
ভোরের আলো ডেস্ক:
সারা দেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

সারা দেশে আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ৭১ হাজার ৬২৬ জন। বোর্ডভিত্তিক বিশ্লেষণে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম সিলেট বোর্ডে।

সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বিভাগে অংশ নিচ্ছে ৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ২১ হাজার ১৮৪ জন। অধিকাংশ বিভাগেই ছাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি।

এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে শিক্ষা প্রশাসন। সব পরীক্ষা কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। প্রশ্নফাঁস ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়া মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রীর সম্ভাব্য আকস্মিক সফর নিয়েও আলোচনা রয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য সহায়ক ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।