বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
হোমশিক্ষাআরও ১,০০০ মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু হবে: শিক্ষামন্ত্রী

আরও ১,০০০ মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু হবে: শিক্ষামন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
আরও ১,০০০ মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু হবে: শিক্ষামন্ত্রী

দেশের মাদরাসা শিক্ষাকে কর্মমুখী করতে আরও এক হাজার মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ

সংসদ সদস্য মো. আবুল হাসনাত মাদরাসা শিক্ষার্থীদের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুললে জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি জানান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ একটি কমিটি গঠন করে ইতোমধ্যে কারিকুলাম উন্নয়নের কাজ শুরু করেছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য অনুযায়ী প্রতিটি মাদরাসায় ধাপে ধাপে কারিগরি শিক্ষা চালু করা হবে। ইতোমধ্যে ৫৪৮টি মাদরাসায় ভোকেশনাল কোর্স চালু হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ১,০০০ মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।