এসএসসি প্রশ্ন ফাঁসের খবর গুজব, মূল হোতাসহ ৪ জন গ্রেপ্তার
চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্ন ফাঁসের খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, এ ধরনের অপপ্রচার চালানোর অভিযোগে পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) অভিযানে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছে। একই সঙ্গে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেও এসব অপপ্রচার চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২০ এপ্রিল সিটিটিসি সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করে। পরে তথ্য-প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে ২৩ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়ার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে গুজব ছড়ানোর মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা অবৈধ আর্থিক লাভের উদ্দেশ্যে প্রশ্ন ফাঁসের মিথ্যা প্রচার চালিয়ে পরীক্ষার কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শিক্ষা বোর্ড সবাইকে এ ধরনের গুজব থেকে সতর্ক থাকার এবং শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে।