হোয়াটসঅ্যাপে আসছে মোবাইল রিচার্জ ফিচার, অ্যাপ থেকেই হবে পেমেন্ট
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এ নতুন একটি ফিচার যোগ করতে যাচ্ছে মেটা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকেই মোবাইল রিচার্জ করতে পারবেন। ফলে প্রি-পেইড রিচার্জের জন্য আলাদা কোনো অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের প্রয়োজন হবে না।
এরই মধ্যে হোয়াটসঅ্যাপে ডিজিটাল পেমেন্ট সেবা চালু রয়েছে, যেখানে ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ ও বিল পরিশোধ করা যায়। ব্যবহারকারীদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার সেই সেবার পরিধি বাড়িয়ে মোবাইল রিচার্জ সুবিধা যুক্ত করা হচ্ছে।
নতুন এই ফিচার চালু হলে অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই ব্যবহারকারীরা সহজেই রিচার্জ করতে পারবেন। এজন্য শুধু অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইনস্টল করা থাকতে হবে।
রিচার্জ করতে হলে ব্যবহারকারীরা চ্যাট উইন্ডোর ‘অ্যাটাচমেন্ট’ আইকন অথবা মেনু থেকে ‘পেমেন্ট’ অপশনে গিয়ে ‘মোবাইল রিচার্জ’ নির্বাচন করবেন। এরপর মোবাইল নম্বর, অপারেটর ও পছন্দের রিচার্জ প্ল্যান নির্বাচন করে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। আগে থেকেই ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকলে সরাসরি অর্থ কেটে নেওয়া হবে, না থাকলে নতুন করে ব্যাংক সংযুক্ত করে যাচাইকরণ করতে হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার চালু হলে একাধিক অ্যাপ ব্যবহারের ঝামেলা কমবে এবং ডিজিটাল লেনদেন আরও সহজ ও দ্রুত হবে, যা ব্যবহারকারীদের জন্য একটি সুবিধাজনক সমাধান হয়ে উঠতে পারে।