বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমজাতীয়সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল, নতুন দাম ১৯৯ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল, নতুন দাম ১৯৯ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল, নতুন দাম ১৯৯ টাকা

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির

তিনি জানান, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে খোলা তেলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে ১৭৯ টাকায় বিক্রি হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে আমদানিনির্ভর পণ্যের ওপর সরাসরি প্রভাব পড়ছে। সয়াবিন তেল পুরোপুরি আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে।

তিনি আরও জানান, রমজান মাস থেকেই আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে। এ সময় থেকেই আমদানিকারক ও রিফাইনাররা মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবি ছিল, দাম সমন্বয় না হলে তারা লোকসানে পড়বেন এবং পুঁজির সংকটে পড়বেন।

সরকার বিষয়টি পর্যালোচনা করে আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয় ও সংশ্লিষ্ট খরচ বিবেচনায় সীমিত পরিসরে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্তে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং ব্যবসায়ীদের ওপর লোকসানের চাপ কিছুটা কমবে, পাশাপাশি ভোক্তারাও পরিস্থিতি বিবেচনায় বিষয়টি ইতিবাচকভাবে নেবেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভোজ্যতেল শিল্প সংশ্লিষ্ট রিফাইনার ও আমদানিকারকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।