গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী
জাতীয় সংসদে গণভোট প্রসঙ্গে জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, গণভোটে দলটির অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’।
বুধবার (২৯ এপ্রিল) সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাম্প্রতিক লিফলেটে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান’-সংক্রান্ত সুপারিশের কোনো উল্লেখ নেই।
মন্ত্রী বলেন, “লিফলেটে কয়েকটি পয়েন্ট দেওয়া হলেও সেখানে জুলাই সনদের কথা নেই। গণভোটকে ওই সনদ থেকে বিচ্যুত করা হয়েছে, যা সংবিধান ও আইনের সঙ্গে প্রতারণার শামিল।”
তিনি আরও বলেন, গণভোটে উত্থাপিত চারটি প্রশ্নের মধ্যে অধিকাংশ বিষয়ে বিএনপির কোনো আপত্তি ছিল না। তবে বাকি অংশ নিয়েই বিভ্রান্তি তৈরি হয়েছে, যাকে তিনি ‘আধা প্রেম, আধা প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সংসদ এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে পরিচালিত হবে এবং গণ-অভ্যুত্থানের আদর্শ ধারণ করবে।
তিনি আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে বলেন, বিভিন্ন দেশে বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি হয়েছে। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই ঐকমত্যের অভাব লক্ষ্য করা যাচ্ছে।
এ সময় তিনি লিফলেটের ভাষা ও উপস্থাপন নিয়েও সমালোচনা করেন এবং বলেন, এতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপটের যথাযথ প্রতিফলন নেই।