অটো লোনে বড় পরিবর্তন, ইলেকট্রিক গাড়িতে বেশি ঋণ সুবিধা
দেশে বাড়তে থাকা মাথাপিছু আয় এবং পরিবেশবান্ধব যানের চাহিদা বিবেচনায় ভোক্তা ঋণের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় অটো লোন ও পার্সোনাল লোনের সীমা বাড়ানো হয়েছে, যাতে গ্রাহকরা সহজে গাড়ি কেনার সুযোগ পান।
মঙ্গলবার (৫ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
নতুন নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক ব্যক্তিগত গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে উৎসাহ দিতে ইলেকট্রিক (ইভি) ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে সর্বোচ্চ ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঋণ সুবিধার ক্ষেত্রে ‘ডেট-ইকুইটি রেশিও’ বা ঋণ ও বিনিয়োগের অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ঋণ সুবিধা নির্ধারণ করা হয়েছে ৬০:৪০ অনুপাতে—অর্থাৎ গাড়ির মোট মূল্যের ৬০ শতাংশ ব্যাংক ঋণ হিসেবে দেবে এবং বাকি ৪০ শতাংশ গ্রাহককে নিজ থেকে পরিশোধ করতে হবে।