শিক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ বিনিয়োগের লক্ষ্য সরকারের, সময়োপযোগী কারিকুলাম প্রণয়নের
দেশের শিক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বৃহস্পতিবার সকালে ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশের শ্রেণিকক্ষে শিক্ষা, অন্তর্ভুক্তি ও উদ্ভাবন শক্তিশালীকরণ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ বিনিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে শিক্ষা খাতে দেড় শতাংশের বেশি বিনিয়োগ হয়নি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য সরকার প্রস্তুত রয়েছে এবং সময়োপযোগী একটি আধুনিক কারিকুলাম প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।