শনিবার , ০৯ মে ২০২৬
শনিবার , ০৯ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিএআই প্রযুক্তিতে বাড়ছে সাইবার বুলিং, আতঙ্কে নারী ও তরুণীরা

এআই প্রযুক্তিতে বাড়ছে সাইবার বুলিং, আতঙ্কে নারী ও তরুণীরা

favicon
ভোরের আলো ডেস্ক:
এআই প্রযুক্তিতে বাড়ছে সাইবার বুলিং, আতঙ্কে নারী ও তরুণীরা

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে সাইবার বুলিং ও অনলাইন প্রতারণা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে নারীদের সামাজিকভাবে হেনস্তার ঘটনা বেড়েছে আশঙ্কাজনকভাবে।

রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোমা আক্তার (ছদ্মনাম) হঠাৎ জানতে পারেন, তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি পোস্ট করে অপমানজনক ক্যাপশন দেওয়া হচ্ছিল। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে সাইবার পুলিশের সহায়তা নিলে তদন্তে জানা যায়, তারই এক খালাতো ভাই এই কাজের সঙ্গে জড়িত।

একইভাবে রাজধানীর শনিরআখড়ার বাসিন্দা বৃষ্টি খানম (ছদ্মনাম) সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে আরিফ নামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। পরে দেখা করতে গেলে কৌশলে তার ফেসবুক আইডির নিয়ন্ত্রণ নিয়ে নেয় ওই যুবক। এরপর এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া অশ্লীল ছবি ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল শুরু করে এবং বিভিন্ন সময় অর্থ আদায় করে।

শুধু এই দুই ঘটনা নয়, দেশজুড়ে অসংখ্য মানুষ সাইবার বুলিং ও অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই দেখা যাচ্ছে বিভিন্ন ব্যক্তির ভুয়া নগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। কখনো আত্মীয়স্বজন, কখনো প্রেমের সম্পর্ক, আবার কখনো সহপাঠীদের মাধ্যমেও তারা সাইবার হয়রানির শিকার হচ্ছেন।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ইউনিটগুলোতে প্রতিদিন বাড়ছে অভিযোগের সংখ্যা। ফিশিং লিংক, ওটিপি প্রতারণা, মোবাইল ব্যাংকিং জালিয়াতি, জিমেইল ও ফেসবুক হ্যাকিং, অনলাইন বিনিয়োগ প্রতারণা এবং পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাতের মতো অপরাধও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টারের তথ্যমতে, গত ২০ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত পাঁচ মাসে ৯০৫টি সাইবারসংক্রান্ত জিডি জমা হয়েছে। এর মধ্যে সাইবার বুলিংয়ের অভিযোগ ১৩০টি, টেলিগ্রামভিত্তিক আর্থিক প্রতারণা ২৩৭টি, ফেসবুক প্রতারণা ১৫০টি এবং বিকাশ প্রতারণা ২২০টি।

ডিবির সাইবার সাপোর্ট সেন্টার জানিয়েছে, অপপ্রচার, গুজব, অ্যাকাউন্ট হ্যাক, ডিজিটাল জালিয়াতি ও অনলাইন প্রতারণা মোকাবিলায় কাজ করছে বিশেষ “রিকভারি রেঞ্জার টিম”। ইতোমধ্যে অনেক ভুক্তভোগীর হ্যাক হওয়া ফেসবুক ও জিমেইল অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে।

ডিবির সাইবার সাপোর্ট সেন্টারের ডিসি মো. শাহরিয়ার আলম বলেন, সাইবার অপরাধের শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া উচিত। পাশাপাশি জনগণকে সচেতন করতে নিয়মিত প্রচারণাও চালানো হচ্ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে নিরাপদ থাকতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সফটওয়্যার নিয়মিত আপডেট করা এবং সন্দেহজনক লিংক এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।