ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসাগুলোতে একযোগে এই ছুটি কার্যকর হবে।
তবে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের অনেকেই আজ ২১ মে ক্লাস শেষ করেই ছুটিতে যাচ্ছে।
ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে মাদরাসাগুলোতে ছুটি আরো দীর্ঘ হবে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসায় ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটিসহ মাদরাসা শিক্ষার্থীরা মোট প্রায় ২৩ দিনের ছুটি উপভোগ করবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী এই ছুটি নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।