শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমবিশ্বইরানের সামরিক প্রযুক্তি সংগ্রহ নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের, সংশ্লিষ্টদের ওপর নিষেধাজ্ঞা

ইরানের সামরিক প্রযুক্তি সংগ্রহ নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের, সংশ্লিষ্টদের ওপর নিষেধাজ্ঞা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের সামরিক প্রযুক্তি সংগ্রহ নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের, সংশ্লিষ্টদের ওপর নিষেধাজ্ঞা

ইরানের জন্য উন্নত সামরিক প্রযুক্তি সংগ্রহে জড়িত একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, নেটওয়ার্কটি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর পরিচয় নকল করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি ডলারের উন্নত প্রযুক্তি সংগ্রহ করছিল।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, এই নেটওয়ার্কের মাধ্যমে স্পেকট্রাম অ্যানালাইজার, নিরাপত্তা শনাক্তকরণ যন্ত্র এবং অন্যান্য সংবেদনশীল প্রযুক্তি সংগ্রহ করে ইরানের প্রতিরক্ষা খাতে সরবরাহ করা হতো।

বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া ওয়েবসাইট ও নকল ব্যবসায়িক পরিচয় ব্যবহার করে আসল মার্কিন প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের দুবাইভিত্তিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে সরঞ্জামগুলো গ্রহণ করে পরে গোপনে ইরানে পাঠানো হতো, যা যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।

তবে কোন কোন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এই প্রতারণার শিকার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দফতর।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।