শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমবিশ্বট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-উইপনাইজেশন ফান্ড’ ঘিরে রিপাবলিকানদের মধ্যে তীব্র বিভাজন

ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-উইপনাইজেশন ফান্ড’ ঘিরে রিপাবলিকানদের মধ্যে তীব্র বিভাজন

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-উইপনাইজেশন ফান্ড’ ঘিরে রিপাবলিকানদের মধ্যে তীব্র বিভাজন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-উইপনাইজেশন’ তহবিল ঘিরে সিনেটে ক্ষমতাসীন রিপাবলিকানদের মধ্যে তীব্র রাজনৈতিক বিভাজন দেখা দিয়েছে।

শনিবার (৩০ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই তহবিলকে সমর্থন করা নাকি বিরোধিতা করা হবে—এ নিয়ে দলের ভেতরেই দ্বিধা ও মতবিরোধ তৈরি হয়েছে।

প্রস্তাবিত এই তহবিলের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া। তবে সমালোচকদের আশঙ্কা, এটি রাজনৈতিকভাবে ট্রাম্প-ঘনিষ্ঠদের সুবিধা দেওয়ার মাধ্যম হতে পারে এবং এতে স্বার্থের সংঘাত তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।

রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও অনেক সিনেটর বিষয়টি নিয়ে দ্বিধায় রয়েছেন। মেমোরিয়াল ডে’র আগে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকে ৫৩ জন রিপাবলিকান সিনেটরের প্রায় অর্ধেকই তহবিলটি নিয়ে আপত্তি জানান।

আইনপ্রণেতারা তহবিলের স্বচ্ছতা, নিয়ন্ত্রণ এবং অর্থ বিতরণের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দাবি করছেন। তাদের প্রশ্ন, কারা এই অর্থ পাবে এবং কোন প্রক্রিয়ায় তা বিতরণ করা হবে।

সমালোচকদের আরেকটি উদ্বেগ হলো, ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গার সঙ্গে জড়িত ট্রাম্প সমর্থকরাও এই তহবিল থেকে সুবিধা পেতে পারেন, যা নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে।

এদিকে এক ফেডারেল বিচারক সাময়িকভাবে এই তহবিল কার্যক্রম স্থগিত করেছেন বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই বিতর্ক রিপাবলিকান পার্টির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মূল্যস্ফীতি, বৈদেশিক নীতি এবং অভ্যন্তরীণ দলীয় বিভাজনের মধ্যে এই ইস্যু ভোটারদের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দলের কয়েকজন প্রভাবশালী সিনেটর ইতোমধ্যে স্পষ্ট করেছেন যে, যথাযথ কংগ্রেসীয় তদারকি ছাড়া তারা এই উদ্যোগে সমর্থন দেবেন না।