বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিলের খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিলের যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। শিক্ষামন্ত্রী বলেন, বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে স্নাতক পর্যায়ের কারিকুলাম পর্যালোচনা করা হচ্ছে, তবে বাংলা, ইতিহাস বা দর্শন বিষয়ে কোনো ধরনের আসন বাতিল বা কমানোর সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও স্পষ্ট করে জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ের ভেতরে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং প্রচারিত তথ্যগুলো বিভ্রান্তিকর।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনার্স পর্যায়ে এসব বিষয় বাতিলের গুজব ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ও নাকচ করে দেয়।
শিক্ষামন্ত্রীর একান্ত সচিব নূরুল আফসার দীপু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের কোনো ভিত্তি নেই। জনগণকে যেকোনো তথ্য যাচাই করে কেবলমাত্র শিক্ষা মন্ত্রণালয় ও সরকারি নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।