চট্টগ্রামে আজ ১১ দলীয় ঐক্যের সমাবেশ, দ্রব্যমূল্য ও জনঅধিকার ইস্যুতে দাবি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে আজ শনিবার সমাবেশ আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।
বিকেলে নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের দাবি, সমাবেশকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। তাদের মধ্যে রয়েছেন ড. কর্নেল অলি আহমদ, নাহিদ ইসলাম, মামুনুল হক, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, মাওলানা মুসা বিন ইজহার, অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।