সোমবার , ১৫ জুন ২০২৬
সোমবার , ১৫ জুন ২০২৬
হোমশিক্ষাএইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

favicon
ভোরের আলো ডেস্ক:
এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

আসন্ন ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা এবং আসনবিন্যাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।


পৃথক বিজ্ঞপ্তিতে দুই বোর্ডই পরীক্ষাকেন্দ্রের কোড, কেন্দ্রের নাম, ভেন্যু এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এর ফলে পরীক্ষার্থী ও সংশ্লিষ্টরা আগেভাগেই নিজেদের কেন্দ্র ও আসনবিন্যাস সম্পর্কে জানতে পারবেন।


মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা মহানগরী ও জেলার বিভিন্ন কেন্দ্রের পাশাপাশি মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, ডেমরা, উত্তরা, সাভার, ধামরাইসহ বিভিন্ন এলাকার মাদরাসাগুলোকে পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।


এ ছাড়া মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলার আলিম পরীক্ষাকেন্দ্রের তালিকাও প্রকাশ করা হয়েছে।


অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা পরিচালনার জন্য বিস্তারিত আসনবিন্যাস ও বিশেষ নির্দেশনা জারি করেছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্র সচিবরা সংশ্লিষ্ট কলেজ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন এবং প্রয়োজনীয় গোপনীয় কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।


পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করবেন।


ঢাকা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, প্রতিদিনের পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআরের প্রথম অংশ বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একই সঙ্গে উত্তরপত্র নির্ধারিত নিয়মে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রেরণ করতে হবে।


এবারের কেন্দ্র তালিকায় নতুন কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তরা অঞ্চলের ঢাকা উইমেন্স কলেজ এবং খিলক্ষেতের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া রাজউক উত্তরা মডেল কলেজ, নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কেন্দ্র ও আসনবিন্যাস নির্ধারণ করা হয়েছে।