বুধবার , ১৭ জুন ২০২৬
বুধবার , ১৭ জুন ২০২৬
হোমশিক্ষাকারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

চলতি অর্থবছরে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।


বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, আগামী বাজেটে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। দেশের মানবসম্পদ উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সব শ্রেণির মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার একমাত্র লক্ষ্য নয়। শিক্ষার্থীদের মধ্যে নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও সংস্কৃতিচর্চার বিকাশ ঘটানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে শিক্ষা কার্যক্রম ও পাঠ্যসূচিকে আরও আধুনিক ও সময়োপযোগী করা হচ্ছে।

শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি দীর্ঘদিনের হলেও মোট দেশজ উৎপাদনের তুলনায় তা সবসময় সন্তোষজনক ছিল না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে শিক্ষাখাতে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি চালু করা হয়েছিল। এর মধ্যে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি, আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষা কর্মসূচি এবং মেয়েদের উপবৃত্তি প্রদান উল্লেখযোগ্য।


শিক্ষামন্ত্রীর দাবি, বিগত বিএনপি সরকারের সময়ে শিক্ষা খাতে তুলনামূলকভাবে ভালো পরিবেশ বজায় ছিল।