শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমসারা দেশরাজধানীর ১২০ গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ক্যামেরা, বদলাবে ট্রাফিক ব্যবস্থাপনা

রাজধানীর ১২০ গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ক্যামেরা, বদলাবে ট্রাফিক ব্যবস্থাপনা

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীর ১২০ গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ক্যামেরা, বদলাবে ট্রাফিক ব্যবস্থাপনা


রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ও ট্রাফিক সিগন্যাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রকল্পটির প্রথম ধাপে ৭৬টি গুরুত্বপূর্ণ মোড়ে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।


সোমবার সচিবালয়ে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এক সভায় এ পরিকল্পনা তুলে ধরা হয়। সভায় জানানো হয়, ডিএমপির সঙ্গে সমন্বয় করে ঢাকার দুই সিটি করপোরেশনও এই কার্যক্রমে যুক্ত থাকবে।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই ব্যবস্থার জন্য অতিরিক্ত কোনো বিশেষ বরাদ্দ প্রয়োজন হবে না। পুলিশের নিজস্ব তহবিল থেকেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।


এর আগে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটরসহ কয়েকটি এলাকায় এসব সিগন্যাল স্থাপন করা হয়েছিল।


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দেশীয় প্রযুক্তিতে এসব সিগন্যাল বাতি তৈরি করেছে। এগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার পাশাপাশি প্রয়োজন হলে ম্যানুয়ালভাবেও নিয়ন্ত্রণ করা যাবে।


চলতি বছরের মে মাসে এসব ট্রাফিক পয়েন্টে এআই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করে ডিএমপি। এআই ক্যামেরায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্ত করার বিশেষ সফটওয়্যার যুক্ত করা হয়েছে।


নতুন প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক সিগন্যাল ভাঙা, যান চলাচলের নিয়ম লঙ্ঘনসহ বিভিন্ন বিষয় স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


তবে এর আগে বিভিন্ন সময়ে ঢাকায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হলেও অনেক প্রকল্প দীর্ঘস্থায়ী হয়নি। তাই নতুন এআই প্রযুক্তির কার্যকারিতা ধরে রাখা এবং নিয়মিত পরিচালনাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে নতুন এই উদ্যোগ রাজধানীর যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে পারে।