শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমসারা দেশসীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, সতর্ক বিজিবি

সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, সতর্ক বিজিবি

favicon
ভোরের আলো ডেস্ক:
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, সতর্ক বিজিবি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় নতুন একটি সশস্ত্র সংগঠনের তৎপরতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ‘খুমি পিপল ফোর্স’ নামে সংগঠনটির সদস্যদের বান্দরবানের রুমা ও থানচি সীমান্ত এলাকায় দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


সংগঠনটি মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া এলাকার খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টির সশস্ত্র শাখা বলে জানা গেছে। চলতি বছরেই তাদের আত্মপ্রকাশ হয়েছে।


স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত এপ্রিল থেকে সীমান্তের বিভিন্ন এলাকায় সংগঠনটির সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কয়েকটি এলাকায় তাদের কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।


জানা গেছে, খুমি পিপল ফোর্স গত ২৫ মে বিজিবির কাছে একটি চিঠি দিয়ে সীমান্তে চলাচল ও যোগাযোগের বিষয়ে সহযোগিতা চেয়েছে। তবে বিজিবি জানিয়েছে, কোনো সশস্ত্র গোষ্ঠীকে সীমান্ত এলাকায় অবস্থান বা কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না।


বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান বলেন, সংগঠনটির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। তারা আলোচনা ও সহযোগিতা চাইলেও সীমান্তে সশস্ত্র কোনো গ্রুপকে অনুমতি দেওয়ার সুযোগ নেই।


তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। অস্থায়ী ক্যাম্প, চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে।


বিশ্লেষকদের মতে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাবেই সীমান্ত এলাকায় নতুন নতুন সশস্ত্র গোষ্ঠীর সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের ত্রিদেশীয় সীমান্ত অঞ্চল হওয়ায় এলাকাটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল।


এদিকে, গত এক বছরে বান্দরবান-মিজোরাম ও চীন প্রদেশের সীমান্ত ঘিরে আরও কয়েকটি নতুন সংগঠনের আত্মপ্রকাশের তথ্য পাওয়া গেছে।