শিক্ষা খাতে বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা বাড়ানোর আলোচনা
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২১ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কারিগরি শিক্ষার প্রসার নিয়ে আলোচনা হয়।
বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। এ জন্য কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রমে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে কাজ করতে পারে বলেও তিনি জানান।
পাকিস্তানের হাইকমিশনার বলেন, শিক্ষা খাতে বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে। তিনি পাকিস্তানের কারিগরি শিক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য বাংলাদেশের সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানান।
বৈঠকে তিনি বাংলাদেশের শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। পরে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের পক্ষ থেকে ১ হাজার ফুটবল উপহার হিসেবে শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন।