বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমশিক্ষাশিক্ষক ডাটাবেজ ও প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়নে কলেজগুলোকে তথ্য হালনাগাদের নির্দেশ

শিক্ষক ডাটাবেজ ও প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়নে কলেজগুলোকে তথ্য হালনাগাদের নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
শিক্ষক ডাটাবেজ ও প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়নে কলেজগুলোকে তথ্য হালনাগাদের নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে স্নাতক পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের তথ্য জরুরি ভিত্তিতে হালনাগাদ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।


বুধবার (২৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থায়ী, অস্থায়ী ও খণ্ডকালীন ভিত্তিতে নিয়োজিত শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক শিক্ষক ডাটাবেজ প্রস্তুত, প্রশিক্ষণের প্রয়োজন নির্ধারণ এবং ভবিষ্যৎ প্রশিক্ষণ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে তথ্য হালনাগাদ করা হচ্ছে।


এ লক্ষ্যে স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত সব শিক্ষকের বিষয়ভিত্তিক তথ্য সংগ্রহের পাশাপাশি আইসিটি বিষয়ে কোর ট্রেনিং ও মাস্টার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা, প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তালিকা এবং সংশ্লিষ্ট কলেজে কম্পিউটার ল্যাবের তথ্য জমা দিতে হবে।


এছাড়া কলেজে কম্পিউটার ল্যাব রয়েছে কি না, থাকলে কতটি কম্পিউটার রয়েছে—সেসব তথ্যও নির্ধারিত ছকে উল্লেখ করতে হবে।


জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা এক্সেল ফাইলের নির্ধারিত ফরম্যাট অনুযায়ী তথ্য প্রস্তুত করে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১০ কার্যদিবসের মধ্যে **[teachers.training@nu.ac.bd](mailto:teachers.training@nu.ac.bd)** ঠিকানায় পাঠাতে হবে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ তথ্যভান্ডার তৈরি হলে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম আরও পরিকল্পিত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।