১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর কোড, উদ্বোধন করল বাংলাদেশ ব্যাংক
দেশে ক্যাশলেস লেনদেন আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে বাংলা কিউআর কোড ক্যাম্পেইনের উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে আগামী ১ জুলাই থেকে সারাদেশে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একই কিউআর কোড ব্যবহার করে সহজে লেনদেন করতে পারবেন। এতে ডিজিটাল পেমেন্ট আরও দ্রুত, স্বচ্ছ এবং নিরাপদ হবে।
তাদের মতে, বাংলা কিউআর চালুর ফলে নগদ অর্থ ব্যবহারের প্রবণতা কমবে, টাকা ছাপানো ও ব্যবস্থাপনার ব্যয় হ্রাস পাবে এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
ক্যাম্পেইন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে একটি মেলার আয়োজন করা হয়। উদ্বোধনের পর ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়, যার মধ্যে রিটেইল চেইন শপ স্বপ্ন ও আগোরাসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের ডিজিটাল লেনদেন সেবা প্রদর্শন করে।