হাসপাতালে দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়, স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: শামা ওবায়েদ ইসলাম
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সরকারি হাসপাতালগুলোতে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না।
শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করেছে। সীমিত সম্পদের মধ্যেও জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে এ হাসপাতাল শুধু ফরিদপুর নয়, আশপাশের কয়েকটি জেলার মানুষেরও প্রধান চিকিৎসাকেন্দ্র। তাই এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা অনিয়মের সুযোগ নেই। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
রোগীদের চিকিৎসাসেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, কোনো রোগী যদি প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ঢাকায় যেতে বাধ্য হন, তবে সেটি হাসপাতালের সক্ষমতার ঘাটতির পরিচায়ক। লক্ষ্য থাকবে, রোগীরা যেন স্থানীয় পর্যায়েই সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পান।
তিনি বলেন, হাসপাতালে দুর্নীতি বন্ধ করা, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
রাজনৈতিক প্রভাবমুক্ত হাসপাতাল পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন হাসপাতালের পরিবেশ নষ্ট করতে বা অনৈতিক সুবিধা নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। হাসপাতাল হবে মানুষের সেবার স্থান, রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র নয়।
অনুষ্ঠানের শুরুতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।