রোমে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা
ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন গৃহকর্তা কামাল উদ্দিন (৩৯), তার স্ত্রী আরজু (৩৮) এবং তাদের ছয় বছর বয়সী কন্যা আলিসিয়া।
এই হামলায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন দম্পতির ১৮ বছর বয়সী ছেলে অনিয়ন। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনসা (এএনএসএ) ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ ইতালিতে বসবাস করছিলেন।
ঘটনার পর থেকেই হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ইতালির পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি পরিবারের পূর্বপরিচিত হতে পারেন। কারণ, বাসার দরজা ভেঙে জোরপূর্বক প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।