সোমবার , ২৯ জুন ২০২৬
সোমবার , ২৯ জুন ২০২৬
হোমশিক্ষা‘বুয়েট শিক্ষার্থীদের প্রশাসনে নয়, প্রযুক্তি নেতৃত্বে দেখতে চাই’: শিক্ষামন্ত্রী

‘বুয়েট শিক্ষার্থীদের প্রশাসনে নয়, প্রযুক্তি নেতৃত্বে দেখতে চাই’: শিক্ষামন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
‘বুয়েট শিক্ষার্থীদের প্রশাসনে নয়, প্রযুক্তি নেতৃত্বে দেখতে চাই’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতে নেতৃত্ব দেওয়ার কথা। কিন্তু তাদের অনেকেই প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগ দিচ্ছেন, যা দেশের বিনিয়োগ ও মানবসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করছে না।


শনিবার (২৭ জুন) বুয়েটে নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, দেশের মেধা ও সম্পদকে সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যেই প্রযুক্তি ও গবেষণাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


তিনি জানান, শহীদ আবরার ফাহাদের নামে বুয়েটে একটি আবাসিক হল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। পাশাপাশি পূর্বাচলে বুয়েট সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ জন্য প্রয়োজনীয় জমির মূল্য সরকার পরিশোধ করবে।

ড. এহসানুল হক মিলন আরও বলেন, জনগণের করের অর্থে পরিচালিত শিক্ষাব্যবস্থার যথাযথ মূল্যায়ন করা শিক্ষার্থীদের দায়িত্ব। একই সঙ্গে উচ্চশিক্ষায় ভর্তির দীর্ঘসূত্রতা কমাতে পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।