যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরাইলি হামলা, নিহত ৩ ফিলিস্তিনি পুলিশ সদস্য
গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগের মধ্যে নতুন করে ইসরাইলি হামলায় অন্তত তিন ফিলিস্তিনি পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) গাজার দেইর আল-বালাহ শরণার্থী শিবিরের প্রবেশপথে এ হামলার ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত তিনজনই দায়িত্ব পালনরত পুলিশ সদস্য ছিলেন। হামলার তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রণালয় একে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরাইল একাধিকবার গাজায় সামরিক অভিযান চালিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকেও বিভিন্ন ফ্রন্টে ইসরাইলি হামলা বন্ধ রাখার বিষয়টি উল্লেখ ছিল বলে তারা দাবি করেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, গাজা ও লেবাননে চলমান ইসরাইলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে।