সোমবার , ২৯ জুন ২০২৬
সোমবার , ২৯ জুন ২০২৬
হোমবিশ্ব‘ধর্মীয় অবমাননার’ অভিযোগে ১৫ দিনের জন্য বন্ধ জিও নিউজের সম্প্রচার

‘ধর্মীয় অবমাননার’ অভিযোগে ১৫ দিনের জন্য বন্ধ জিও নিউজের সম্প্রচার

favicon
ভোরের আলো ডেস্ক:
‘ধর্মীয় অবমাননার’ অভিযোগে ১৫ দিনের জন্য বন্ধ জিও নিউজের সম্প্রচার

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পিইএমআরএ (PEMRA)।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ জুন জিও নিউজে পবিত্র মুহাররম উপলক্ষে ‘সফর-ই-ইশকে’ নামে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। পিইএমআরএর দাবি, অনুষ্ঠানের কিছু দৃশ্য দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং এর ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে।


রোববার (২৮ জুন) জিও নিউজ এক বিবৃতিতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানায়, সংশ্লিষ্ট বিষয়বস্তুটি অনিচ্ছাকৃতভাবে সম্প্রচারিত হয়েছিল এবং এটি চ্যানেলটির সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। বিতর্কিত অংশটি ইতোমধ্যে তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মারকাজি জমিয়ত আহলে হাদিসের প্রধান ইবতিসাম জহির এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ২৭ জুন রাতে পিইএমআরএ জিও নিউজের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করে।


নির্দেশনায় স্যাটেলাইট, ক্যাবল নেটওয়ার্কসহ সব ধরনের সম্প্রচার প্ল্যাটফর্মে ১৫ দিনের জন্য জিও নিউজের সম্প্রচার বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনাটি বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য পিইএমআরএর কাউন্সিল অব কমপ্লেন্টসে পাঠানো হয়েছে।


এ ছাড়া সম্পাদকীয় ও তদারকির ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে জিও নিউজ কর্তৃপক্ষকে নিজস্ব অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, পাকিস্তানে ধর্মীয় সংবেদনশীলতার বিষয়গুলো কঠোরভাবে বিবেচনা করা হয়। এ ধরনের অভিযোগে অতীতেও বিভিন্ন সংবাদমাধ্যম তদন্ত ও নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপের মুখোমুখি হয়েছে। এছাড়া, রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (RSF) ২০২৬ সালের বিশ্ব প্রেস স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।