জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা, মিলবে দুই মাসের বকেয়াও
আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত পরিশোধ করা হবে। পাশাপাশি গত দুই মাসের বকেয়া বেতনও একই মাসে পরিশোধের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসিএর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন শিক্ষক সংকট থাকায় এসব পদে নিয়োগ দেওয়া জরুরি ছিল এবং অন্তর্বর্তী সরকার দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছিল।
তবে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না রাখায় মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বেতন পরিশোধ সম্ভব হয়নি। সরকার দায়িত্ব নেওয়ার পর এ খাতে প্রায় ৫০১ কোটি টাকার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই সংকট কাটিয়ে জুলাই মাস থেকেই নিয়মিত বেতন এবং বকেয়া পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, ইসলামী শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দল-মতের ঊর্ধ্বে থেকে আদর্শ ও নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনা করা উচিত। তিনি শিক্ষার্থীদের ইসলামের মূল চেতনা ও মূল্যবোধ অনুসরণ করার আহ্বান জানান।