এইচএসসি কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, প্রযুক্তিনির্ভর নজরদারিতে কঠোর শিক্ষা বোর্ড
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে শিক্ষা বোর্ড। পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এবার প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বর এবং ডিভিআর/এনভিআর সংযোগসংক্রান্ত তথ্য বোর্ডে জমা দিতে হবে। সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কোনো কেন্দ্রে সিসিটিভি অকার্যকর থাকলে বা নিরাপত্তায় গাফিলতি ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কাঁটাযুক্ত হাতঘড়ি ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া পরীক্ষা চলাকালে অপ্রয়োজনীয় ব্যক্তির উপস্থিতি বন্ধ রাখা, টয়লেট তল্লাশি, প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনে পুলিশের সম্পৃক্ততা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষা উপলক্ষে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর **০২-২২৩৩৬৯৮১৫**। এছাড়া **০১৫৫০৪১১২০৩**, **০১৭১৪৯৯৪০৭৩** এবং **০১৭৫৬১০৩১৫২** নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল: **[controller@dhakaeducationboard.gov.bd](mailto:controller@dhakaeducationboard.gov.bd)**।