জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২ জুলাই) সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচির ঘোষণা দেন।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, আন্দোলনে সব অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই এ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে গত ১ জুলাই দিবাগত রাতে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক আয়োজনের মাধ্যমে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করা হয়।
এছাড়া আগামী ১৫ জুলাই টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে।
পরদিন ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানিয়েছে ছাত্রদল।