রবিবার , ০৫ জুলাই ২০২৬
রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমবিশ্বখামেনির শেষকৃত্য ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের অভিযোগ

খামেনির শেষকৃত্য ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
খামেনির শেষকৃত্য ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের অভিযোগ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বিভিন্ন দেশকে অংশগ্রহণ থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম।


তাসনিমের প্রকাশিত প্রতিবেদনে একটি জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে তেহরানে উচ্চপর্যায়ের প্রতিনিধি না পাঠানোর আহ্বান জানান।


প্রতিবেদনে আরও দাবি করা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিভিন্ন কূটনৈতিক মিশনে পাঠানো এক নির্দেশনায় ইরানের নেতার শেষকৃত্যে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক হিসেবে বিবেচনার কথা উল্লেখ করেন। একই সঙ্গে কয়েকটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তিনি এ বিষয়ে আলোচনা করেছেন বলেও দাবি করা হয়েছে।


তাসনিমের তথ্যমতে, আফ্রিকার কয়েকটি দেশকে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়, যদি তারা অনুষ্ঠানে প্রতিনিধি পাঠায়। এর ফলে অন্তত ১৩টি দেশ শেষকৃত্যে অংশ নেওয়ার পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়, কিছু দেশ পরে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছে। এছাড়া কয়েকটি দেশ তেহরানে নিযুক্ত কূটনীতিকদের অনুষ্ঠানে পাঠানোর প্রস্তাব দিলেও ইরান তা গ্রহণ করেনি।


তবে উল্লেখিত অভিযোগগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশিত হয়নি এবং দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।