সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমসারা দেশনোয়াখালীতে রাকিব হত্যা মামলার দুই আসামি ঢাকায় গ্রেফতার

নোয়াখালীতে রাকিব হত্যা মামলার দুই আসামি ঢাকায় গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
নোয়াখালীতে রাকিব হত্যা মামলার দুই আসামি ঢাকায় গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের যুবক জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।


রোববার (৫ জুলাই) র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকার রামপুরা ও বাড্ডা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার দুজন হলেন বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের রফিকের ছেলে সুমন এবং আলী আহমেদের ছেলে পিয়াস। নিহত রাকিব একই গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।


র‍্যাব জানায়, রাকিবের বাবা ও চাচা যৌথ মালিকানাধীন জমিতে একটি পাঁচতলা ভবন নির্মাণ করছিলেন। নির্মাণকাজ চলাকালে অভিযুক্তরা রাকিবের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাকিব ওই টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, ওই বিরোধের জেরে গত ৩০ মে রাকিব বাড়ি ফেরার পথে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট এলাকায় পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।


পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


র‍্যাব জানিয়েছে, গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।


উল্লেখ্য, মামলাটি তদন্তাধীন। আদালতের চূড়ান্ত রায়ের আগে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।