যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরকালে তিনি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রযুক্তি এবং শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
রোববার (৫ জুলাই) রাষ্ট্রদূত অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি)-এর সহায়তায় সংরক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তিনি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
পরবর্তীতে তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টারলিংক ইন্টারনেট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রোবটিক্স, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যতের ডিজিটাল দক্ষতা নিয়ে মতবিনিময় করেন।
দিনের শেষভাগে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ড এবং রাজশাহীর স্থানীয় গম্ভীরা শিল্পীরা পরিবেশনা উপস্থাপন করেন।