জুলাই পদযাত্রার সূচনা কালীগঞ্জে, অংশ নেবেন নাহিদ ইসলামসহ এনসিপির শীর্ষ নেতারা
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৬ জুলাই)। কর্মসূচির প্রথম দিনে গাজীপুরের কালীগঞ্জে অংশ নেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপির।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম, জেলা সদস্য সচিব খন্দকার আল আমীন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপুসহ কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারা।
এদিকে, কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে কালীগঞ্জে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা সমাবেশ সফল করতে নানা ধরনের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।