খাগড়াছড়ির পানছড়িতে গোলাগুলি, নিহত ৩
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) দুপুরে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ইউপিডিএফ কিংবা জেএসএসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।