সোমবার , ০৬ জুলাই ২০২৬
সোমবার , ০৬ জুলাই ২০২৬
হোমশিক্ষাশিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর মনিটরিং জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর মনিটরিং জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর মনিটরিং জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর মনিটরিংয়ের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


সোমবার (৬ জুলাই) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গড়ে তুলে সেখান থেকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করারও প্রস্তাব দেন তিনি।


তিনি আরও বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাব রয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।


শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষকতার পেশার মর্যাদা বাড়াতে হবে, যাতে মেধাবীরা এই পেশায় আসতে আগ্রহী হন। একটি দক্ষ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যোগ্য শিক্ষক তৈরির বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।


অনুষ্ঠানে নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।